৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরই প্রেক্ষিতে, ‘তারেক রহমান খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। একটি ভিডিওতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে দেখা যায়, ‘আমার মা আর আমাদের মাঝে নাই। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া আপনারা শুধু আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মাকে আল্লাহ যেনো জান্নাতুল ফেরদৌস দান করে।’

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ২ লক্ষ ৯৭ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী তারেক রহমান দেশবাসীর কাছে ভিডিও বার্তায় দোয়া চেয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তির চোখ স্থির ও মুখাবয়বের অসংগতিও রয়েছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘TALL (2023)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৪ শতাংশ।
উল্লেখ্য, তারেক রহমান তার ব্যক্তিগত ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্টে তার মা খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়া চান। তবে, এমন কোনো ভিডিওবার্তা গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী তারেক রহমান ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- DeepFake-o-meter: TALL (2023)





