আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে শেখ রেহানাকে ‘আমরা ১৩ তারিখে যে লকডাউন ঘোষণা করেছিলাম তা সাময়িকভাবে স্থগিত করছি। স্থগিত করার একটি কারণ আছে, তা না হলে আমাদের ওপর হামলা-মামলা করবে এতে করে আমার কর্মীরা হয়রানি হবে। আমরা চাইনা কর্মীরা হয়রানি হোক, আপাতত আপনারা সবাই শান্ত থাকুন। সময় এলে আমরা আপনাদের পরবর্তী নির্দেশনা জানাবো। আপাতত আপনারা সবাই ভিডিওটি শেয়ার করুন।’ বলতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ রেহানার বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এই ভিডিওর বিষয়ে কোনো তথ্য মেলেনি।
পরবর্তীতে, ভিডিওটির সূত্রপাত অনুসন্ধানে ‘Mitol Ahmed Sabuj’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৫ নভেম্বর একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

তবে ভিডিওটিতে রেহানার বলা বক্তব্য কবেকার বা কোথাকার এরূপ কোনো প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। ভিডিওটির ক্যাপশনে বলা হয়,‘দারুণ এক বার্তা দিলেন শেখ রেহেনা, সাথে ছিলেন পুতুল এবং ববি। নেতাকর্মীদের কথা ভাবলেন। ১৩ তারিখের লকডাউন করলেন স্থগিত৷’
উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটি থেকে আরও অসংখ্য এ ধরনের ভিডিও (১, ২, ৩) প্রচার করা হয়ে হয়েছে।
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওতে থাকা শেখ রেহানা সদৃশ ব্যক্তির মুখাবয়বের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
এ বিষয়ে আরও অনুসন্ধানে গেটি ইমেজেসের ওয়েবসাইটে ভিডিওটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি ছবি পাওয়া যায়। সেখানে উল্লেখ আছে, ছবিটি ২০২৪ সালে শেখ হাসিনার নির্বাচনে জয়লাভের পর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের সময় তোলা।

অর্থাৎ, এটা নিশ্চিত যে ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই ছবিটি অনলাইনে রয়েছে।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
সুতরাং, এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিওকে ১৩ নভেম্বর আ.লীগের ‘লকডাউন’ স্থগিত জানিয়ে শেখ রেহানার বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DeepFake-o-meter: AVSRDD (2025)





