২১ নভেম্বর সকালে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পে বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে, কোথাও ভবন হেলে পড়েছে, এবং ১০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরপর আরও কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়।
এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, এটি পুরান ঢাকায় একটি ভবন ধসে পড়ার দৃশ্য। ভিডিওতে দেখা যায়, একটি বহুতল ভবন ভেঙে একটি শিশুর ওপর পড়ছে।

এ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ইন্সটাগ্রামে প্রচারিত একই দাবি দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি কেবল অনির্ভরযোগ্য সূত্র থেকে প্রচারিত হচ্ছে। বিশ্বস্ত কোনো সূত্র বা গণমাধ্যমে এ ধরনের ভিডিও প্রকাশের প্রমাণ মেলেনি। ভূমিকম্পের মতো বড় ঘটনার ক্ষেত্রে দেশের গণমাধ্যমগুলো সাধারণত দ্রুত ক্ষয়ক্ষতির খবর ও বিভিন্ন সিসিটিভি ফুটেজ প্রকাশ করে থাকে। তবে আলোচিত এই ভিডিও কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি।
গণমাধ্যমে রাজধানীর আরমানিটোলা এলাকায় ভূমিকম্পে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মুগদায় দেয়াল ধসে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু, নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে চাপা পড়ে এক বছর বয়সী শিশুর মৃত্যু এবং নরসিংদীতে চারজনের নিহত হওয়ার তথ্যও প্রকাশিত হয়েছে। তবে পুরান ঢাকায় কোনো শিশুর ওপর পুরো ভবন ধসে পড়ার মতো ঘটনার বিষয়ে কোনো গণমাধ্যমে প্রতিবেদন পাওয়া যায়নি।
ভিডিওটি পর্যবেক্ষণেও বেশ কিছু অসংগতি ধরা পড়ে। ভবন ভেঙে পড়ার দৃশ্যটি স্বাভাবিক নয়। একটি বিশাল ভবন শিশুর ওপর পড়লেও তার শরীরে ক্ষতবিক্ষত হওয়া বা রক্তক্ষরণের কোনো চিহ্ন দেখা যায় না। পাশাপাশি থাকা আরেকটি ভবনের ধসের দৃশ্য ভিডিওতে নেই, কিন্তু শেষের দিকে সেই ভবনের বারান্দার কিছু অংশ ভাঙা অবস্থায় দেখা যায়।
পরবর্তীতে, ভিডিওটি এআই-তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ডিপফেক-ও-মিটারের ‘AVSRDD (2025)’ মডেলে পরীক্ষা করা হয়। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে ভূমিকম্পে পুরান ঢাকায় শিশুর ওপর ভবন ধসে পড়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Deepfake-o-meter.
- Rumor Scanner’s analysis.





