গত ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এরই প্রেক্ষিতে, ‘গুলি আমি করেছি আমি স্বীকার করছি’ শিরোনামে জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে মির্জা আব্বাসকে বলতে দেখা যায়, ‘আপনারা জানেন হাদিকে গুলি করার অর্ডার আমি দিয়েছি। ইউনূস সরকার এটা জানে কিন্তু তারা এটা প্রকাশ করবে না। এর কারণ হলো আমার লোক দিয়ে সবাইকে এমন ভয় দেখিয়েছি যে ওরা সবাই আমাকে বাবা বলে ডাকে।’

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ২ লাখ ১৫ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মির্জা আব্বাস নিজেই হাদিকে গুলির নির্দেশ দিয়েছেন বলে স্বীকার করেছেন- এমন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে ইলেকট্রনিক গণমাধ্যম মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ১৩ ডিসেম্বর ‘হাদীর উপর হা মলা নিয়ে যা বললেন মির্জা আব্বাস’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মির্জা আব্বাস ও তার আশেপাশে থাকা লোকজনের পোশাকসহ আনুষাঙ্গিক বিষয়ের মিল রয়েছে।
উক্ত ভিডিওতে মির্জা আব্বাসকে বলতে দেখা যায়, ‘হাদির গায়ে গুলি লেগেছে সোয়া দুইটায়। ঠিক আড়াইটার সময় ফেসবুকে পোস্ট আসলো, সবাই যে যেখানে আছো, ঐক্যবদ্ধ হও। কোনো একটা বাসায় যেতে হবে, ইট খুলে নিয়ে আসতে হবে। ভাবতে পারছেন ব্যাপারটা কত পরিকল্পিত।..’
এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিদেরর চোখ স্থির ও মুখাবয়বের অসংগতিও রয়েছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
সুতরাং, এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিওকে মির্জা আব্বাস নিজেই হাদিকে গুলির নির্দেশ দিয়েছেন বলে স্বীকার করেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DeepFake-o-meter: AVSRDD (2025)
- Maasranga TV: হাদীর উপর হা মলা নিয়ে যা বললেন মির্জা আব্বাস





