সম্প্রতি, ‘প্লিজ মার্ক হিজ লাস্ট লাইন, মাস্ট ভিজিলেন্টলি মনিটর এন্ড প্রিভেন্ট সাচ শিফট! মাস্ট?’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে ভারতের প্রতিরক্ষাবাহিনী প্রধানকে বলতে দেখা যায়, ‘পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গড়ে ওঠা ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি, যা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জেএফ-১৭ থান্ডার জেট বিক্রির সম্ভাবনা উদ্বেগজনক। এই যুদ্ধবিমানটি সাম্প্রতিক উচ্চমাত্রার অভিযানে কার্যকর প্রমাণিত হয়েছে; এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারে এবং পূর্বাঞ্চলীয় থিয়েটারে কৌশলগত ভারসাম্য বিঘ্নিত করতে পারে। ভারতকে অবশ্যই এই ধরণের পরিবর্তনগুলো সতর্কতার সাথে পর্যবেক্ষণ এবং প্রতিরোধ করতে হবে।’ (অনূদিত)

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবির এক্স পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা ইস্যুতে ভারতের প্রতিরক্ষাবাহিনী প্রধানের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রেস ট্রস্ট অফ ইন্ডিয়ার এক্স অ্যাকাউন্টে গত ৭ জানুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে। তবে উক্ত ভিডিওতে ভারতের প্রতিরক্ষাবাহিনী প্রধানকে বাংলাদেশের বিষয়ে কোনো কথা বলতে দেখা যায় নি।

পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবালের ইউটিউব চ্যানেলে ভারতের প্রতিরক্ষাবাহিনী প্রধান অনিল চৌহানের ভাষণের ২ ঘন্টা ৪৩ মিনিটের ভাষণের পুরো ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওর কোথাও তাকে বাংলাদেশ সম্পর্কে কোনো কথা বলতে দেখা যায়নি।
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তির চোখ স্থির ও মুখাবয়বের অসংগতিও রয়েছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
সুতরাং, বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা ইস্যুতে ভারতের প্রতিরক্ষাবাহিনী প্রধানের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে সম্পাদিত।
তথ্যসূত্র
- Press Trust of India – X Post
- India Today Global – LIVE: CDS Anil Chauhan at Lt Gen SK Sinha Centenary Event
- DeepFake-o-meter: AVSRDD (2025)





