সম্প্রতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে “বিএনপির প্রার্থীদেরকে চোর, বাটপার বলল সেনাবাহিনী” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে বক্তব্যরত অবস্থায় বলতে শোনা যায়, “প্রিয় দেশবাসী আমি খেয়াল করে দেখলাম, বিএনপি যতগুলো লোককে প্রার্থী ঘোষণা করেছে সবগুলোই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর-বাটপার। এখন আমাদেরকে দেশ রক্ষার দায়িত্বে পাঠিয়ে যদি আপনারা চোর-বাটপারকে এমপি বানান, তাহলে দেশ ধ্বংসের জন্য আপনারাই দায়ী থাকবেন। তাই আমি বলবো, ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করুন, তাহলে দেশ থেকে চোর-বাটপারগুলো লেজ গুটিয়ে পালাবে, ধন্যবাদ সবাইকে।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে।
অনুরূপ দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে।
এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে ভিডিওটি প্রায় ৪ লক্ষাধিকবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ‘চোর-বাটপার’ বলে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, প্রচারিত ভিডিওটির কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে একুশে টেলিভিশনের ওয়েবসাইটে ২০২৩ সালের ০৫ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে।

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, বাংলাদেশ সেনবাহিনীর তিন সপ্তাহব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ২০২২-২০২৩ অনুশীলনে টাঙ্গাইলে শীতকালীন চূড়ান্ত মহড়া অবলোকন করেন সেসময়ের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় সেনবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, “বাস্তবসম্মত ও যুগোপযুগী প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেনাবাহিনীকে দক্ষ হিসেবে গড়ে তুলতে কঠিন প্রশিক্ষণের বিকল্প নেই।”
এছাড়া, আলোচিত মহড়া ও সাবেক সেনাপ্রধানের বক্তব্য সংবলিত বিষয়ে দেশিয় একাধিক (১, ২) গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতে দেখা গেছে।
বিষয়টি অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার ভিডিওটি ‘হাইভ মোডারেশন’ টুলের ‘Hive Detect AI’ মডেল দিয়ে পরীক্ষা করে। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।

পাশাপাশি ‘ডিপফেক-ও-মিটার’ টুলের ‘AVSRDD (2025)’ মডেলের বিশ্লেষণেও ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা সিংহভাগ বলে জানা যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অবসরে পাঠানো হয়েছিল।
সুতরাং, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের চোর-বাটপার বলে সেনাবাহিনীর বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত।
তথ্যসূত্র
- Ekushey Television: টাঙ্গাইলে সেনাবাহিনীর শীতকালীন চূড়ান্ত মহড়ায় সেনাপ্রধান
- Somoy Tv: টাঙ্গাইলের দেলদুয়ারে সেনাবাহিনীর শীতকালীন মহড়া
- Independent Television: সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে: সেনাপ্রধান
- Jagonews24: সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিনকে অবসর দিলো সরকার





