২০২৪ সালের ০৫ আগস্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার গত ১৭ নভেম্বর রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সম্প্রতি, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে সেনাকর্মকর্তাদের বক্তব্য দাবিতে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ইউটিউবে ভিডিওগুলো সর্বমোট ২১ হাজারবার দেখা হয়েছে।
টিকটকে ভিডিওগুলো সর্বমোট প্রায় ২২ হাজারবার দেখা হয়েছে।
ফেসবুকে ভিডিওগুলো সর্বমোট প্রায় ৭ হাজারবার দেখা হয়েছে।
দাবি ১
‘গরম খবর! জয় বাংলা শেখ হাসিনা ফিরতে প্রস্তুত!’’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে সেনাসদস্যকে বলতে দেখা যায়, ‘সিপাহি জনতা নিজেদের ভুল বুঝতে পেরেছে। তারা এখন যেকোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় চায়। খবর পেয়েছি শেখ হাসিনাও আসার জন্য রেডি। জয় বাংলা।’। এটি ছড়িয়েছে টিকটক, ফেসবুকে।

ভিডিওটি পর্যবেক্ষণ করেও বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তির চোখ স্থির ও মুখাবয়বের অসংগতিও রয়েছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৮ শতাংশ।
দাবি ২
‘গ্রেফতার ডরাই না শেখ হাসিনা ফিরবে আবারও প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উক্ত ভিডিওতে সেনাসদস্যকে বলতে দেখা যায়, ‘গ্রেফতার হতে পারি তবুও ঘোষণা দিচ্ছি শেখ ফিরবে। প্রয়োজনে আরও একটি একাত্তর হবে। জনগণ সাড়া দিতে শুরু করেছে। জয় বাংলা।’
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ভিডিওটি পর্যবেক্ষণ করেও বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা যায় ব্যক্তির চোখ স্থির ও চেহারায় অসংগতি রয়েছে এবং পেছনে গাছের ওপর গাড়ির চাকা রয়েছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘TALL (2023)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
দাবি ৩
‘’শেখ হাসিনা আসছে – সেনা অফিসার’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উক্ত ভিডিওতে একজন সেনাসদস্যকে বলতে দেখা যায়, ‘বঙ্গবন্ধুকন্যা আসবে বাংলাদেশ হাসবে। আমরা জয় বাংলার লোক, চাকরির মায়া করি না। সেদিন খুব দূরে নয় আপাকে এয়ারপোর্টে রিসিভ করে যাবো ইনশাআল্লাহ।’।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ভিডিওটি পর্যবেক্ষণ করেও বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তির চোখ স্থির ও মুখাবয়বের অসংগতিও রয়েছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ।
দাবি ৪
‘শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী সেনাবাহিনী পাশে জয় বাংলা’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উক্ত ভিডিওতে একজন সেনাসদস্যকে বলতে দেখা যায়, ‘সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। তাকে ফিরিয়ে এনে স্বসম্মানে চেয়ারে বসানো আমাদের প্রতিজ্ঞা। শেখ হাসিনা আসবে জয় বাংলা।’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ভিডিওটি পর্যবেক্ষণ করেও বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে কথা বলার সময় ব্যক্তির চোখ স্থির থাকতে দেখা যায়। পাশাপাশি কথা বলার সম তার মুখাবয়বের অসংগতি পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।
এছাড়া, আলোচিত দাবির ভিডিওগুলোতে সেনাসদস্যের পোশাকে বাম বুকে নামফলক, ডান পাশে বাংলাদেশ আর্মির মনোগ্রাম অনুপস্থিত যা বাংলাদেশ সেনাবাহিনীর পোশাকে থাকে।
সুতরাং, এআই দিয়ে তৈরি একাধিক ভিডিওকে শেখ হাসিনা দেশে ফেরা প্রসঙ্গে সেনাসদস্যদের বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DeepFake-o-meter: AVSRDD (2025)
- DeepFake-o-meter: TALL (2023)





