সম্প্রতি, আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে পুলিশের বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে বলতে দেখা যায়, “বাংলাদেশ পুলিশ তাদের দাবিদাওয়া নিয়ে রাস্তায় নেমে এসেছে। পুলিশ সদস্যরা বলে, ‘উচ্চ পদস্থ কর্মকর্তারা আমাদের নির্দেশ দিচ্ছেন কোন বাড়িতে কতজন আওয়ামী লীগ সদস্য আছে তা খুঁজে বের করতে। আমাদের বিভিন্ন মামলায় আওয়ামী লীগ কর্মীদের গ্রেফতার করতে নির্দেশ দিচ্ছে। আমরা কারও গোলাম নই, আমরা এমন অন্যায় কাজ করতে পারি না। তারা আমাদের পুলিশ ভাইদের মারধর করে হত্যা করেছে, আমরা তাদের প্রত্যেকটির হিসেব নিবো। এই মুহুর্তে সাধারণ জনগণকে আমাদের পাশে দরকার। প্রিয় দেশবাসী ও বিদেশি ভাইয়েরা যদি আপনাদের হৃদয়ে আওয়ামী লীগের জন্য একবিন্দু অনুভূতি থাকে তাহলে আমাদের সাথে ইউনাইটেড হোন, ইউসূফ কে সরান, দেশ কে বাঁচান।”

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে পুলিশ সদস্যদের আন্দোলন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায় পুলিশ সদস্যদের বুকে থাকা ব্যাচে নাম, ব্যানার, ফেস্টুনের লেখাগুলো পাঠযোগ্য নয়। এছাড়া তাদের চোখ একদিকে স্থির এবং চেহারা ও শরীরের গড়নের অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
এছাড়া, সাম্প্রতিক সময়ে পুলিশের দাবিদাওয়া নিয়ে কোনো আন্দোলনের ঘটনা সম্পর্কে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে জানা যায়নি৷ বাংলাদেশ পুলিশ তাদের দাবি নিয়ে আন্দোলন করলে সেবিষয়ে গণমাধ্যমগুলো ঢালাওভাবে সংবাদ প্রচার করার কথা।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে পুলিশ সদস্যদের আন্দোলনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DeepFake-o-meter: AVSRDD (2025)





