গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিশেষ সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকান সেনাবাহিনীর আটকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটিকে পর্যবেক্ষণ করে এতে থাকা সাময়িকবাহিনীর সদস্যদের পোশাকের ধরণ, অস্ত্রের পজিশন ও ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বাহুতে রাখা হাতে অসামঞ্জস্যতা দেখা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘GLFF (2024)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৯ শতাংশ।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোস্যালে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের ছবি প্রচার করা হয়। এতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চোখ বাধা অবস্থা ভিন্ন পোশাকে দেখা যায়। এছাড়াও, হোয়াইট হাউসে ‘Rapid Response 47’নামক এক্স অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিওতেও তাকে ভিন্ন পোশাকে দেখা যায়।
সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- DeepFake-o-meter: GLFF (2024)
- Donald J. Trump: Truth Social Post
- Rapid Response 47: X Post





