গত ৪ ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গিয়েছেন। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুইটি ছবি ছড়িয়ে পড়ে, দিল্লীর রাস্তার বিভিন্ন খাম্বায় ‘Stepdown Yunus’ লেখা পোস্টার দেখা যাচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে।
একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে।
একই ছবি টিকটকে দেখুন এখানে। টিকটকের পোস্টটি দেখা হয়েছে অন্তত ৭৪ হাজার বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো আসল নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি ভারতীয় গণমাধ্যম বা কোনো বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। পরবর্তীতে ছবিগুলো পর্যবেক্ষণে সূক্ষ্ম কিছু অসঙ্গতি নজরে আসে। যেমন, ফ্লাইওভারের নিচ দিয়ে যে মেট্রোরেলের লাইন গিয়েছে তার নিচের অংশের অবস্থান অসামঞ্জস্য। ট্রেন একটি পিলারের পেছনে দেখা গেলেও ট্রেনের ট্র্যাকের অংশ পিলারের সামনে দেখা যাচ্ছে।

পরবর্তীতে ছবি দুইটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির কমপক্ষে ৮৮ শতাংশ থেকে সর্বোচ্চ ৯৯ শতাংশ পর্যন্ত সম্ভাবনা আছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দিল্লী অফিসের ফ্যাক্টচেকার আশীষ কুমার কাশ্যপ রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, দিল্লীতে এমন রাস্তা-ঘাট প্রায় সব জায়গাতেই কম বেশি দেখা যায়। তবে এই রকম ফ্লাইওভারের নিচে দিয়ে মেট্রোর লাইন গেছে যেখানে কোনও পিলার নাই, এই ধরনের রাস্তা দিল্লীতে দেখা যায় না। তবে সরকারি বাস আর অটোর রং ঠিক এরকমই দিল্লিতে।
এছাড়া, গুগলের জেমিনি এআই টুলকে প্রায় একই কমান্ড দিয়ে একই ধরণের ছবি জেনারেট হতে দেখেছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, দিল্লীর রাস্তার যানবাহন এবং পারিপার্শ্বিক উপাদানগুলোর বিষয়ে কমান্ড দিয়ে এআই টুল দিয়ে ছবি দুটো তৈরি করে প্রচার করা হচ্ছে।
সুতরাং, এআই দিয়ে তৈরি দুইটি ছবিকে ভারতের দিল্লীর রাস্তায় স্টেপডাউন ইউনূস লেখা পোস্টারের আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis





