সোমবার, ডিসেম্বর 15, 2025

আহমেদ আকবর সোবহান কর্তৃক বিনিয়োগ স্কিম ঘোষণা দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

সম্প্রতি ‘Put 21,000 now – get 900 000 in just 7 days!’ ক্যাপশনে বিনিয়োগ স্কিম দাবিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আহমেদ আকবর সোবহান কোনো বিনিয়োগ স্কিম ওয়েবসাইটের ঘোষণা করেননি। প্রকৃতপক্ষে, আহমেদ আকবর সোবহানের পুরোনো একটি ভিডিওতে ভিন্ন অডিও ক্লিপ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে Ahmed Akbar Sobhan নামক ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২৪ জুলাই  প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির আংশিক সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner 

উক্ত ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, সেদিন রাজধানীর রেডিসন ব্লুতে ব‍াংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেডের মধ্যে জমির ইজারা সংক্রান্ত সমঝোতা (এমওইউ) সই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বক্তব্য দেন। তার বক্তব্যে তিনি বাংলাদেশের উন্নয়নে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এবং এই যাত্রায় বসুন্ধরা গ্রুপের অংশগ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন। 

উক্ত ভিডিওতে আহমেদ আকবর সোবহানকে কোনো ওয়েবসাইটে ২১,০০০ টাকা বিনিয়োগে প্রতি সপ্তাহে ৯,০০,০০০ টাকা মুনাফা সংক্রান্ত কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। 

উক্ত ভিডিওর একটি অংশ আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। এটির সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত উল্লিখিত ওয়েবসাইটে বিনিয়োগ সংক্রান্ত অডিও ক্লিপটি যুক্ত করা হয়েছে। 

এ বিষয়ে BanglaNews24 এর ওয়েবসাইটে ২০১৭ সালের ২৪ জুলাই ‘বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে চায় বসুন্ধরা গ্রুপ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 

উক্ত ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই অডিও কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Resemble AI এ ভিডিওটির অডিও যাচাই করা হলে সেটিকে ‘Fake’ বলে চিহ্নিত করা হয়েছে।

Screenshot: Resemble AI Website

পরবর্তীতে, বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে গত ২৮ নভেম্বর ‘বসুন্ধরা গ্রুপের নামে ভুয়া ভিডিও, প্রতারণা থেকে সাবধান থাকার পরামর্শ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত বিনিয়োগ স্কিম পোস্টটির কথা উল্লেখ করে বলা হয়, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি কাজে লাগিয়ে ভুয়া ভিডিও তৈরি করে বসুন্ধরা গ্রুপের পক্ষে বিনিয়োগের আহ্বান জানিয়েছে একটি প্রতারক চক্র। জনসাধারণকে এ বিষয়ে সাবধান থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়া, আলোচিত পোস্টে যুক্ত লিংকটিতে ক্লিক করলে এটি ‘প্রথম আলো ENGLISH’ লোগোযুক্ত একটি ওয়েবসাইটে নিয়ে যায়। 

এ বিষয়ে অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে গত ৩০ নভেম্বর উক্ত লিংকের ওয়েবসাইটের ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে বলা হয়, প্রথম আলো ও প্রথম আলো ইংলিশ এর নামে বানানো উক্ত ওয়েবসাইটটি ভুয়া।

Screenshot: Facebook 

তাছাড়া, আলোচিত পোস্টটি প্রচারকারী ‘Silent Streets’ নামক পেজটি নিউইয়র্ক থেকে পরিচালনা করা হয়। পেজটির অন্যান্য পোস্ট ও তথ্য থেকে বসুন্ধরা গ্রুপের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

সুতরাং, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান কর্তৃক বিনিয়োগ স্কিম ঘোষণা দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img