দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী অভিনীত ‘মেরে রাহো’ সিনেমার বিষয়ে সম্প্রতি মূলধারার গণমাধ্যম ‘যুগান্তর’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। উক্ত প্রতিবেদনে সাই পল্লবীর ছবি দাবিতে একটি ছবি সংযুক্ত করা হয়েছে।

এরূপ দাবিতে প্রচারিত প্রতিবেদন: যুগান্তর (ই-পেপার)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর নয় বরং, ভারতীয় আরেক অভিনেত্রী শ্রীলীলার ছবিকে সাই পল্লবীর দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘দ্যা টাইমস অফ ইন্ডিয়া’র ওয়েবসাইটে ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত ছবিরও সংযুক্তি পাওয়া যায়। ছবিগুলো সম্পর্কে ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, এগুলো দুবাইয়ে অনুষ্ঠিত ২০২৩ সালের সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (এসআইআইএমএ)-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠানে তেলুগু অভিনেত্রী শ্রীলীলার ছবি।

পরবর্তীতে শ্রীলীলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা শ্রীলীলার ছবির সাথে তুলনা করলে দেখা যায়, দুজন একই ব্যক্তি। অপরদিকে, অভিনেত্রী সাই পল্লবীর ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির তুলনা করলে দেখা যায়, সাই পল্লবী ভিন্ন ব্যক্তি।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিটি প্রকৃতপক্ষে ভারতীয় অভিনেত্রী শ্রীলীলার ছবি।
সুতরাং, ভারতীয় অভিনেত্রী শ্রীলীলার ছবিকে সাই পল্লবীর ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The Times of India – In pics: Sreeleela shines in orange pantsuit at SIIMA 2023 press meet
- Sreeleela – Instagram Account
- Sai Pallavi – Instagram Account





